
সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন প্রাণ হারানোর ক্ষত না শুকাতেই মাত্র ১৫ দিনের ব্যবধানে ফের ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এবার সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসী গ্রামের নিয়ামত আলী, তাঁর স্ত্রী, তাঁদের এক শিশু কন্যা এবং অটোরিকশাচালক শেরপুর এলাকার লালন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা পদ্মার একটি তেলবাহী ট্রাক উল্টো পথে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিচালিত অটোরিকশাকে জোরেশোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
এর আগে গত ৭ আগস্ট সকাল ৭টার দিকে উপজেলার কাসিপাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘাত ঘটে।
এতে সড়ক থেকে ইউনিক পরিবহনের বাসটি ছিটকে পড়ে ৯ যাত্রী নিহত ও অন্তত ১৩ জন আহত হন। সেই শোক কাটতে না কাটতেই ফের প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক 

























