
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর তীব্র উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজদের স্বজনেরা। নিখোঁজ প্রিয়জনদের খোঁজে রাজধানী কাঠমান্ডুর বির হাসপাতালসহ বিভিন্ন উদ্ধারকেন্দ্রে ভিড় করছেন স্বজনরা।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাসুয়া জেলায় নিখোঁজদের সন্ধানে স্বজনেরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে চলছেন। বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাতকারে নিখোঁজ বড় ভাই রাম শরণ রাসাইলির খোঁজে বির হাসপাতালে আসা সুবাস খাতানি তাঁর পরিবারের আকুলতার কথা জানান।
একইভাবে নিজের ভাগ্নে যুবরাজ সেবকের সন্ধানে হাসপাতালে এসেছেন চিত্র বাহাদুর নেপালি। পেশায় চালক যুবরাজ সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাসুয়া অভিমুখে যাওয়ার পথেই নিখোঁজ হন। মোবাইলে ভাগ্নের ছবি দেখিয়ে চিত্র বাহাদুর জানান, বন্যার আগের দিন সকাল ৮টার পর থেকে পরিবারের সঙ্গে যুবরাজের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের তৈরি নিখোঁজদের প্রাথমিক তালিকাতেও তাঁর নাম পাওয়া যায়নি। ওই পরিবার থেকে আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
টানা বৃষ্টি ও বন্যায় রাসুয়া ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোর সড়ক ও যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সঠিক তথ্য পাওয়া এবং স্বজনদের কাছে পৌঁছানো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সাধারণ মানুষও যোগ দিয়েছে। তবে পাহাড়ি দুর্গম ভূখণ্ড, ভারী কাদা এবং ধ্বংসস্তূপের কারণে উদ্ধার অভিযান মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে।
অনলাইন ডেস্ক 

























