
ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগ কর্মীদের এই ধরনের কর্মকাণ্ডকে ‘অসহনীয়’ আখ্যা দিয়ে তিনি তাদের চরম পরিণতি সম্পর্কে সতর্কবার্তা দিয়েছেন।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল জানান, এ ধরনের হামলা চালিয়ে সেটির ভিডিও প্রচারের মাধ্যমে হামলাকারীরা নিজেরাই নিজেদের অপরাধের প্রমাণ রাখছে। তিনি প্রশ্ন তোলেন, এসব অপরাধের কারণে যদি আইনি ব্যবস্থা নিয়ে তাদের শূন্য হাতে দেশে ফেরত পাঠানো হয়, তবে সেটি তাদের ও তাদের পরিবারের জন্য কতটা ক্ষতিকর হবে।
নেতৃত্বের অন্ধ অনুকরণ ত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের শীর্ষ নেতাদের ওপর ভরসা রেখে নিজেদের জীবন ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করা বোকামি। গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ কেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল—তা আওয়ামী লীগ কর্মীদের ঠাণ্ডা মাথায় অনুধাবনের পরামর্শ দেন তিনি।
সাবেক এই উপদেষ্টা আরও মনে করিয়ে দেন, দু’বছর আগে জেনেভায় তাঁর ওপর মব তৈরি করা হলেও তিনি কোনো আইনি পদক্ষেপ নেননি। তবে এটিকে দুর্বলতা ভেবে দিন দিন বেপরোয়া ও নোংরা আচরণ বাড়াতে থাকলে তা আর বরদাশত করা হবে না। ভবিষ্যতে নিজের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে সবাইকে নিয়মতান্ত্রিক উপায়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনলাইন ডেস্ক 

























