
রাজধানীর গুলশান-১ চত্বর এলাকায় বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে তা পরিশোধ না করে চম্পট দেওয়ার অভিযোগে সাইফুল (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুলশান-১-এর পশ্চিম সিগন্যাল এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল একটি বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা ট্রান্সফার করেন। তবে টাকা পাঠানোর পর সেই মূল্য পরিশোধ না করেই তিনি দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে আশেপাশের মানুষ তাকে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি (‘মব’) তৈরির চেষ্টা করে।
ঐ সময় গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট নাজমুল ইসলাম ডিউটিতে থাকাকালে হইচই শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। জনরোষ থেকে সাইফুলকে উদ্ধার করে নিকটস্থ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে নিরাপদে হেফাজত করা হয়।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক যুবককে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সবুরের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
অনলাইন ডেস্ক 

























