
সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে নিশ্চিত আক্রান্ত এবং লক্ষণযুক্ত রোগী মিলিয়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশে হাম পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে দেশে মোট ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের মধ্যে এ উপসর্গ পাওয়া গেছে।
অন্যদিকে, পরীক্ষা-নিরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ১০০ জনের দেহে আনুষ্ঠানিকভাবে হাম শনাক্ত হয়েছে। এর মাধ্যমে গত সাড়ে ছয় মাসে (১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর) মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯৫১ জনে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সময়কালে লক্ষণ ও উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
অনলাইন ডেস্ক 

























