
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ‘টাইমস অব বাংলাদেশ’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. কামরুজ্জামান খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বুধবার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, সাভারের একটি ঘটনায় দায়েরকৃত মামলায় ৪০ জন নামীয় আসামির পাশাপাশি অজ্ঞাতনামা ২০-৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে, যেখানে কামরুজ্জামান খানকে ১৮ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কিংবা সম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন করা হয়নি।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, কামরুজ্জামান খান দীর্ঘদিন ধরে সাভার এলাকায় বসবাস করেন না। ফলে কোনো ধরনের যাচাই-বাছাই ও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া তাকে এভাবে আসামি করা পেশাদার সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির শামিল, যা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করে।
ডিআরইউ নেতৃবৃন্দ অবিলম্বে এই মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। তদন্তে কোনো সত্যতা পাওয়া না গেলে মো. কামরুজ্জামান খানকে দ্রুত মামলা থেকে অব্যাহতি দেওয়ার এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অনলাইন ডেস্ক 

























