
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় ‘নিউগিনি প্রপার্টিজ’ নামের একটি আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা ওই মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী চার নম্বর এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহার অনুযায়ী, পূর্বশত্রুতার জের ধরে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রধান আসামি শাহরিয়ার মাহমুদের নির্দেশে ও ইন্ধনে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই আবাসন প্রকল্পে তাণ্ডব চালায়। সে সময় সন্ত্রাসীরা পিস্তল, শটগান, চাপাতি ও রডসহ বিভিন্ন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক ছড়াতে কয়েক দফা ফাঁকা গুলি বর্ষণ করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ বেশ কয়েকজন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
অনলাইন ডেস্ক 























