
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানসংবলিত ব্যানার ব্যবহার করে র্যালি করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং কর্মসূচিতে ব্যবহৃত ব্যানারটি জব্দ করা হয়।
ঘটনাসূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তিল্লি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। তবে র্যালির ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ থাকায় স্থানীয় জনমনে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যানারটি বাজেয়াপ্ত করে এবং প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, আগে থেকে থানায় রুজু থাকা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আবুল হাশেম ভূঁইয়া দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মৃত ফুলতান ভূঁইয়ার ছেলে। তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয় অধিবাসীরা জানান, শিক্ষক দিবস উপলক্ষে র্যালি বা আলোচনা সভা অনুষ্ঠান নিয়ে তাদের কোনো দ্বিমত ছিল না। তবে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক ও পেশাগত কর্মসূচিতে দলীয় ও রাজনৈতিক ব্যক্তির নামসংবলিত ব্যানার ব্যবহার করা অনুচিত বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
অনলাইন ডেস্ক 
























