
শীর্ষ মাদককারবারি রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রিজন ভ্যান চালক নায়েক কামাল হোসেনের বাসা থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যেতে সহায়তার বিনিময়ে তাদের মধ্যে মোট কত টাকার লেনদেন বা চুক্তি হয়েছিল, তা জানতে জোর তদন্ত চালানো হচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার অশোক কুমার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে প্রিজন ভ্যান থেকে আসামি পালিয়ে যাওয়ার এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ভ্যানের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার এবং চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিবি উপ-পুলিশ কমিশনার অশোক কুমার জানান, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিষয়ে বিভাগীয় ও আইনি তদন্ত প্রক্রিয়া চলমান। কামালের বাসা থেকে উদ্ধার করা ৬০ হাজার টাকা ছাড়া আর কোনো আর্থিক লেনদেন বা চুক্তি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে অন্য কারও মদদ বা সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়টিও গুরুত্বের সাথে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
অনলাইন ডেস্ক 
























