
আগামী চার বছরের মধ্যে বাংলাদেশকে পথশিশু ও ভিক্ষুকমুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার সকালে শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী উল্লেখ করেন, শিশুদের সামগ্রিক যত্ন ও বিকাশে মন্ত্রণালয় নিরলস কাজ করছে। পথশিশুদের সুরক্ষা ও পুনর্বাসনের জন্য পৃথক বিভাগকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; তাদের মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করা জরুরি। পাহাড়ি কিংবা সমতল—ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সর্বস্তরের সুবিধাবঞ্চিত শিশুকে একই ছাতার নিচে নিয়ে আসাই আমাদের মূল উদ্দেশ্য।”
শিশু নিরাপত্তা ও সহিংসতার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি যোগ করেন, কেবল আইন প্রণয়ন নয়, শিশু নির্যাতন রোধে সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এটি কেবল নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের একা কাজ নয়, বরং দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত দায়িত্ব।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং শিশু একাডেমির মহাপরিচালক আরজু আরা বেগম।
অনলাইন ডেস্ক 























