
রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদকেই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য হিসেবে আখ্যায়িত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার চর্চা মুক্ত ও গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে।
বুধবার বঙ্গভবনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক পরিস্থিতি তুলে ধরে জানান, বর্তমানে ক্যাম্পাসে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত মানোন্নয়নে সরকারের দেওয়া ৬০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের অগ্রগতি সম্পর্কেও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আলোচনায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট দূর করতে নতুন নিয়োগ এবং ছাত্রীদের আবাসন সমস্যা নিরসনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও নির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
বৈঠক শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।
এ সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনের উচ্চপদস্থ কর্মকর্তা—রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব ও প্রেস সচিবের পাশাপাশি হাবিপ্রবির উপ-উপাচার্য, ট্রেজারার এবং রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 
























