
মিরপুরের মতো এবার মোহাম্মদপুরের ফুটপাত ও সড়ক থেকেও অবৈধ হকার এবং দখলদারদের উচ্ছেদ করতে কঠোর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শনিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুর বসিলা উচ্চ বিদ্যালয় মাঠে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং মোহাম্মদপুর ৪০ ফিট খাল সংস্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এই ঘোষণা দেন।
মিরপুর-১০ এর ফুটপাত দখলমুক্ত করার অভিযানে স্থানীয় জনগণ যেভাবে পাশে দাঁড়িয়েছে এবং সাধুবাদ জানিয়েছে, ঠিক একই মডেলে মোহাম্মদপুরেও অভিযান পরিচালনা করা হবে।
মোহাম্মদপুর এলাকার খাল পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা জোরদার এবং এডিস মশার লার্ভা ধ্বংসে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ব্যাটারিচালিত অটোরিকশার কারণে সৃষ্ট যানজট ও প্রতিনিয়ত ঘটে চলা দুর্ঘটনা রোধে সরকার কঠোর পদক্ষেপ নিতে কাজ করছে বলে জানান তিনি।
জনগণের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই ডিএনসিসি এলাকার সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক।
ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক দুর্ভোগ কমাতে মোহাম্মদপুরবাসীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই কার্যক্রমে সম্পৃক্ত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান শফিকুল ইসলাম খান।
অনলাইন ডেস্ক 
























