
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান আপসের শর্তে জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। এতে এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
গত ২১ সেপ্টেম্বর এমপি গাজী নজরুলকে চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। ২২ সেপ্টেম্বর মাকসুদাকে এবং ২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকার একটি আদালত থেকে প্রথম স্ত্রী মাকসুদা বেগম জামিন পান।
অনলাইন ডেস্ক 
























