
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। এ মামলার মোট ২৬ জন আসামির মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনসহ ৮ জন বর্তমানে কারাগারে আছেন। তবে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীমসহ ১৮ জন আসামি এখনও পলাতক রয়েছেন।
২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা ৩ নম্বর সেক্টরে আন্দোলনরত ছাত্র-জনতাকে পানি ও বিস্কুট বিতরণ এবং আহতদের হাসপাতালে নিতে সহায়তা করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ. এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। একই দিনে ওই এলাকায় জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, মো. শাকিল হোসেন, মো. সাব্বির হোসেন ও সজিব সরকারকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া সাঁজোয়া যানের (এপিসি) চাপায় উবারচালক মোখলেসুর রহমান দুর্জয় নিহত হন।
২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা এলাকায় পৃথক ঘটনায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাকে গুলি করে হত্যা করা হয়।
অনলাইন ডেস্ক 

























