
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর চাঞ্চল্যকর মামলায় রাজসাক্ষী হিসেবে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আবজালুল হক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর আদেশের পর সোমবার (১৯ অক্টোবর) তিনি কারাগার থেকে মুক্তি পান। এর মধ্য দিয়ে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া কোনো মামলার আসামি হিসেবে প্রথম কেউ কারামুক্ত হলেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়। ১৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৮ জন গ্রেপ্তার হয়েছেন এবং বাকি ৮ জন পলাতক রয়েছেন।
কারামুক্ত শেখ আবজালুল হক আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই মামলায় গ্রেপ্তার অন্য সাত আসামি হলেন—সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক এসআই আবদুল মালেক, আরাফাত উদ্দীন ও কামরুল হাসান এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
অনলাইন ডেস্ক 

























