
বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে সুসম্পর্ক এবং তার সঙ্গে কাজ করার মূল্য চুকাতে হলো টাইগার শ্রফকে। মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগারকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার পরপরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে এক চাঞ্চল্যকর অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে— সালমান খানের সঙ্গে যারা কাজ করবেন, তাদের পরিণতি হবে মৃত্যু।
ঘটনার সূত্রপাত যেভাবে
রোববার সন্ধ্যায় জুহুর একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে হামলা চালায় তিন দুষ্কৃতকারী। গুলিতে অভিনেতার গাড়িচালক এবং এক অটোরিকশাচালক আহত হলেও অক্ষত রয়েছেন টাইগার শ্রফ। ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সরাসরি মুম্বাই পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিষ্ণোই গ্যাংয়ের প্রকাশ্য হুমকি
হামলার পরপরই ‘অনিল পণ্ডিত’ পরিচয়ে বিষ্ণোই গ্যাংয়ের এক প্রতিনিধি সোশ্যাল মিডিয়ায় একটি অডিও বার্তা ছড়ায়। ওই বার্তায় দাবি করা হয়, গ্যাংয়ের নির্দেশ অমান্য করে সালমান খানের সঙ্গে কাজ করার কারণেই টাইগার শ্রফকে টার্গেট করা হয়েছে।
ভাইরাল হওয়া অডিও ক্লিপটিতে আরও বলা হয়:
‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আমাদের তোয়াক্কা না করে সালমান খানের সঙ্গে কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব। এটি আমাদের প্রথম এবং শেষ সতর্কবার্তা।’
বহু বছর ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সালমান খান। ১৯৯৮ সালের কালো হরিণ শিকারের মামলাকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের জেরে এর আগেও একাধিকবার সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি গ্যাংটি সাফ জানিয়ে দিয়েছে, সালমান ক্ষমা না চাইলে তার ঘনিষ্ঠ কাউকেই ছাড় দেওয়া হবে না।
বর্তমানে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। এই আকস্মিক হামলায় পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
অনলাইন ডেস্ক 

























