
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ ও মালামাল বহন সহজ করতে যুক্ত হয়েছে ১৫০টি নতুন প্যাসেঞ্জার ট্রলি। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ট্রলিগুলো বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
প্রবাসীদের সেবা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার
হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, প্রবাসী কর্মীদের বিমানবন্দর সেবা আরও সহজ ও আরামদায়ক করতে বোর্ডের উদ্যোগে মোট ২০০টি নতুন ট্রলি প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১৫০টি ট্রলি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রদান করা হলো। বাকি ৫০টি ট্রলি পর্যায়ক্রমে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরবরাহ করা হবে।
অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বিমানবন্দরে আসা-যাওয়ার সময় ট্রলি সংকটের কারণে তাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রিয়াদ বিমানবন্দরকেন্দ্রিক ফ্লাইট জটিলতা ও বিকল্প ব্যবস্থা
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং রিয়াদ বিমানবন্দরকেন্দ্রিক ফ্লাইট জটিলতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রিয়াদ বিমানবন্দরের সমস্যার কারণে প্রবাসীদের দ্রুত গন্তব্যে পৌঁছাতে মদিনার মতো বিকল্প রুট অথবা অন্য এয়ারলাইন্সের ব্যবস্থা করার চেষ্টা চলছে। বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনগুলো সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে বর্তমানে বিমানের ফ্লাইট বন্ধ থাকায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে; দ্রুতই অন্য এয়ারলাইন্সের মাধ্যমে মরদেহ দুটি দেশে ফিরিয়ে আনা হবে। নিহতদের একজন বগুড়ার এবং অন্যজন কুমিল্লার বাসিন্দা।
এ ছাড়া, রিয়াদে সাম্প্রতিক হামলার পর সেখানে আটকেপড়া ওমরাহযাত্রী ও প্রবাসী কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ মিশন একযোগে কাজ করছে। এ বিষয়ে আগামী এক-দুদিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
অনুষ্ঠানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদসহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং বিমানবন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 























