
বলিউড ডিভা কারিনা কাপুর খান এবং জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বন্ধুত্বপূর্ণ কথোপকথন সম্প্রতি ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেটফ্লিক্সের জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে কারিনা ও তাঁর স্বামী সাইফ আলী খানের উপস্থিতি কেন্দ্র করেই এই চর্চার শুরু।
অনুষ্ঠানটির সেই বিশেষ পর্বটি সম্প্রচারিত হওয়ার পর কপিল শর্মা ইনস্টাগ্রামে কারিনা ও সাইফের সঙ্গে একটি সেলফি শেয়ার করেন। ক্যাপশনে কপিল লেখেন, এই তারকা দম্পতির সঙ্গে কাটানো মুহূর্তগুলো কতটা আনন্দদায়ক ছিল, তা তিনি আগে ভাবেননি। সুন্দর ও জমজমাট একটি পর্ব উপহার দেওয়ার জন্য তিনি সাইফ-কারিনাকে ধন্যবাদও জানান।
কপিলের এই পোস্টের জবাবে কারিনাও পোস্টটি নিজের হ্যান্ডেলে শেয়ার করে উষ্ণতা ছড়ান। কপিলের প্রশংসা করে অভিনেত্রী লেখেন, ‘কপিল, তুমি একজন অসাধারণ তারকা। আমরাও তোমাকে অনেক ভালোবাসি।’ দুই জনপ্রিয় তারকার এমন আন্তরিক রসায়ন মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
সাইফের তিনবার বিয়ের প্রস্তাব!
শো চলাকালীন কারিনা ও সাইফের ব্যক্তিগত জীবনের নানা মজার ও অজানা গল্পও উঠে আসে। আলোচনার একপর্যায়ে কারিনা প্রকাশ করেন যে, সাইফ তাঁকে একবার নয়, বরং তিনটি ভিন্ন জায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন! রোমান্টিক সেই জায়গাগুলো ছিল মুম্বাই, গ্রিস এবং প্যারিস। শেষপর্যন্ত প্যারিস বা গ্রিস ঘুরে মুম্বাইয়ে এসে সাইফের প্রস্তাবে সম্মতি জানান কারিনা।
কারিনার এই মজার তথ্য শেয়ার করার পর মজার ছলে সাইফ আলী খান মন্তব্য করেন, কারিনা যদি প্রথমবার অর্থাৎ মুম্বাইতেই তাঁর প্রস্তাব লুফে নিতেন, তবে তাঁর অনেক টাকা বেঁচে যেত! দম্পতির এই খুনসুটি ও রসাত্মক আলোচনা দর্শকদের বেশ বিনোদন দিয়েছে।
অনলাইন ডেস্ক 

























