
রাজধানীর খিলক্ষেত ও মিরপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (১৯ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে দুই দম্পতিসহ মোট চারজনকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
মঙ্গলবার ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেতের কুড়াতলী পূর্বপাড়া জামে মসজিদসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। ওই বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. জুয়েল রানা ও তার স্ত্রী হাসনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে এই ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন।
অন্যদিকে, একই দিনে রাজধানীর মিরপুর-১ এলাকার শাহ আলী মাজার বেষ্টনী প্রকল্প মার্কেটের ‘বিসমিল্লাহ বাণিজ্য ভান্ডার’ নামের দোকানের সামনের সড়কে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৫০ পিস ইয়াবাসহ মৌসুমী বেগম ও মো. আমির হামজা নূর নামের দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনের বাড়ি বরগুনা জেলায়।
অনলাইন ডেস্ক 























