
মেট্রো রেলের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর অংশ হিসেবে দেশের সব মেট্রো রেল স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং লাগেজ স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের ব্যাগ ও মালামাল সুনির্দিষ্টভাবে তল্লাশি করার লক্ষ্যেই এই আধুনিক নিরাপত্তাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আধুনিক এই নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের জন্য ইতিমধ্যে আনুষ্ঠানিক অনলাইন দরপত্র (ই-টেন্ডার) আহ্বান করা হয়েছে। ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামানের জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৯ অক্টোবর এই ই-দরপত্র আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্য ও আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে ই-দরপত্র জমা দিতে হবে। দরপত্রসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিস্তারিত তথ্য ই-জিপি পোর্টাল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেল্পডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।
এদিকে প্রকাশিত একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের সুবিধার্থে বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি বা এএমসি (AMC)-এর বিষয়টিও যুক্ত করা হয়েছে। এর আওতায় ডিপোর লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের বার্ষিক তদারকি অন্তর্ভুক্ত থাকবে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে এই দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনা যাবে।
অনলাইন ডেস্ক 























