
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এই মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন—পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাতের ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৩৪)।
বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি চক্র পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় ভারতে পাচারের জন্য কষ্টিপাথরের মূর্তি মজুত করেছে। এরই প্রেক্ষিতে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রোববার গভীর রাতে (আনুমানিক রাত ১টায়) এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির পাশাপাশি পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ও স্থানীয় পুলিশ প্রশাসন অংশ নেয়।
দুটি পৃথক স্থানে চালানো এই অভিযানে মোট ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি মূর্তি উদ্ধার করা হয়:
প্রথম অভিযানে উদ্ধার করা হয় ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি।
দ্বিতীয় অভিযানে উদ্ধার করা হয় ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি।
উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক 






















