
মাসখানেক আগে একটি বিজ্ঞাপনের পোশাক ও তাকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র সমালোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া ট্রোলের জবাবে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি কারিনা কাপুর খানের ইউটিউব শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই বিতর্কের পেছনের সামাজিক মানসিকতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
শোয়ে কৃতি জানান, যারা ভারতীয় সংস্কৃতি ও সম্মানের কথা মুখে বলেন, তাদের একাংশই সোশ্যাল মিডিয়ায় তার বাবা-মা এবং বোনকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন। ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘এত ঘৃণা কেন! আমি সাধারণত মন্তব্যের ঘর পড়ি না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যারা সংস্কৃতি ও সম্মানের পাঠ পড়ান, তারাই আমার পরিবারকে সবচেয়ে নোংরা ভাষায় আক্রমণ করেছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘর (কমেন্ট সেকশন) বন্ধ করে দেওয়ার পরামর্শ পেলেও তা করেননি বলে জানান কৃতি। তার মতে, নারীদের নিজেদের অধিকারের জন্য সবসময় সরব হওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন, ‘এই মানুষগুলোকে কে অধিকার দিয়েছে এমন মন্তব্য করার? আর কিসের ভিত্তিতে তারা এসব কথা বলেন?’
রাখির একটি বিজ্ঞাপন ঘিরে তৈরি হওয়া ওই বিতর্কের রেশ টেনে কৃতি স্পষ্ট জানান, এই ঘটনা শুধু তাকে এককভাবে নিশানা করার বিষয় নয়, এর পেছনে রয়েছে আরও গভীর সামাজিক সমস্যা। তার কথায়, ‘নারীদের সব সময় সবকিছুর জন্য বিচার করা হয়। কী পোশাক পরবেন, শারীরিক গঠন কেমন কিংবা ব্যক্তিগত জীবন—সব ছোটখাটো বিষয়েও শুধু নারীদেরই নিশানা করা হয়।’
সমাজ ও পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে সরব হয়ে অভিনেত্রী আরও বলেন, ‘অভিনেতারা সমাজের সবচেয়ে সহজ নিশানা। আমরাও রক্তমাংসের মানুষ, এই ধরনের কটূক্তি আমাদেরও আঘাত করে। সমাজে যে লিঙ্গবৈষম্য রয়েছে এবং পিতৃতান্ত্রিক মানসিকতা যেভাবে গভীরভাবে শিকড় গেড়েছে, তা ভাঙতে হলে আমাদের বারবার সরব হতে হবে।’
উল্লেখ্য, কৃতিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। এতে তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা।
অনলাইন ডেস্ক 

























