
বগুড়ার কাহালুতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে (শ্যালিকা) অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় দুলাভাই মো. আল মোহাইমিনু মেহেদী হাসানকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলায় নাম থাকা অন্য দুই আসামি মো. মামুন মন্ডল (৩৮) ও মো. রকিকে (২৬) খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান কাহালু উপজেলার পাইকপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের পিপি মো. আব্দুল মান্নান জানান, ২০২৫ সালের ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর শিতলাইগ্রামের নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয় ওই শিক্ষার্থী। পূর্বপরিকল্পনার অংশ হিসেবে আসামি মেহেদী হাসান, তার ভাই মামুন মণ্ডল ও ভাগ্নে রকি সিএনজিযোগে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেন।
এই ঘটনায় ওই বছরের ৮ এপ্রিল কিশোরীর মা মোছা. লাবনী আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে কাহালু থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করেন।
অনলাইন ডেস্ক 






















