
নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে রায়পুরা থানা পুলিশ। এ সময় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী স্বপ্না আক্তারের ব্যাগ থেকে ১৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, উদ্ধারকৃত এই গুলিগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। এ ঘটনায় রায়পুরা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সোমবার বিকেলে তাকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হয়েছে।
অনলাইন ডেস্ক 






















