
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় কবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নিহাকে—এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে তার ভক্ত-অনুরাগীদের মনে। তবে চলচ্চিত্রে পা রাখার বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না এই তরুণ তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এমন অবস্থানের কথা স্পষ্ট জানিয়েছেন তিনি।
বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে নিহা জানান, বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এখনো নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করেন না। তার ভাষ্য, ‘আমি এখনো আসলে বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায়, তাতে কাজ করার জন্য প্রস্তুত নই। অবশ্যই সিনেমায় অভিনয় করব। তবে তা এখন নয়। আমার মনে হয়, নিজেকে প্রস্তুত করার এখনো অনেক বাকি।’
সিনেমার চেয়ে আপাতত ছোট পর্দাতেই নিজের স্বাচ্ছন্দ্য খুঁজে পাচ্ছেন এই অভিনেত্রী। নাটকেই নিজেকে আরও শানিত ও পরিণত করে তুলতে চান তিনি। নিহার মতে, বড় পর্দা অনেক বড় একটি পরিসর, যেখানে নামার আগে নিখুঁত প্রস্তুতি জরুরি।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন নাজনীন নিহা। এরপর ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘মায়া পাখি’ কিংবা সাম্প্রতিক সময়ের আলোচিত নাটক ‘ভালো আছো তো’-এর মতো কাজের সুবাদে খুব কম সময়েই দর্শকদের মনে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ইনস্টাগ্রাম’ নামের একটি ইউটিউব ফিল্মে খায়রুল বাশারের বিপরীতে কাজ করছেন নিহা। নাটক ও ওটিটির বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বড় পর্দায় তার অভিষেকের জন্য ভক্তদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
বিনোদন ডেস্ক 
























