
বর্তমান প্রজন্মের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে আগের মতো নিয়মিত নাটকে দেখা যাচ্ছে না কেন—এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এই রহস্যের জট খুলেছেন অভিনেত্রী নিজেই।
সাদিয়া জানান, নাটকে কাজের পরিমাণ তিনি নিজেই কমিয়ে দিয়েছেন। এর মূল কারণ হিসেবে তিনি স্ক্রিপ্ট ও চরিত্রের একঘেয়েমিকে দায়ী করেছেন।
এ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে এই তারকা বলেন, আগের মতো মনের মতো গল্প বা চিত্রনাট্য এখন আর হাতে আসছে না। একসময়ে ভালো স্ক্রিপ্টের ভিড়ে কোনটা ছেড়ে কোনটা করবেন, তা নিয়ে দ্বিধায় ভুগতেন তিনি। কিন্তু বর্তমানের স্ক্রিপ্টগুলো তাকে আর সেভাবে টানে না। একই ধরনের চরিত্রের বারবার পুনরাবৃত্তি এড়াতেই তিনি ছোটপর্দায় কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন।
বড়পর্দা ও ওটিটির দিকে ঝোঁক
একজন শিল্পীর নির্দিষ্ট কোনো ছাঁচে আটকে থাকা উচিত নয় বলে মনে করেন সাদিয়া। দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার তাগিদ থেকেই তিনি এখন ওটিটি প্ল্যাটফর্ম, বড়পর্দা এবং ভিন্নধর্মী প্রজেক্টগুলোর প্রতি বেশি মনযোগ দিচ্ছেন।
বিনোদন ডেস্ক 

























