
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং যৌথ সমৃদ্ধির শক্তিশালী চালিকাশক্তিতে রূপ দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্য অর্জনে জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশে এসে নতুন সুযোগগুলো অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে দুই নেতা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনার পাশাপাশি অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সফরকালে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, দুই দেশ বেশ কিছু কৌশলগত খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে রয়েছে—
জ্বালানি খাত
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)
রেলপথ ও আধুনিক অবকাঠামো
গভীর সমুদ্রবন্দর নির্মাণ
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি
জাপানি ব্যবসায়ীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উৎপাদনশীল বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং পারস্পরিকভাবে লাভজনক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে আমার সরকার জাপানি অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একসঙ্গে কাজ করলে দুই দেশের জন্য আরও সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।’
বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থানের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের অন্যতম পরীক্ষিত উন্নয়ন অংশীদার। বিগত তিন দশকেরও বেশি সময় ধরে দেশের আর্থসামাজিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়নে দেশটি অনন্য অবদান রেখে চলেছে।
সরকারি সফরে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সোমবার টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।
সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন। উল্লেখ্য, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর।
অনলাইন ডেস্ক 
























