
চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপান অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন তিনি। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আজ স্থানীয় সময় দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে এই শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে কান্তেই কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে এবং উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে দুই নেতা নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং একান্ত বৈঠকে মিলিত হন।
বৈঠক সূত্র জানায়, দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করেছেন। বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তাঁর সম্মਾਨয়ে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, গত সোমবার সকালে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।
চার দিনের এই ব্যস্ত সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করবেন। এর আগে সফরের প্রথম দিন তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকার (JICA) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সাথে পৃথক বৈঠকে অংশ নেন।
অনলাইন ডেস্ক 
























