
গাজীপুরের শ্রীপুরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে পলাতক থাকা মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর গত দুই দিন আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার। এ সময় তাকে শান্ত করতে গেলে বাবা আব্দুস সামাদকে (৬০) লাঠি দিয়ে মাথায় ও বুকে উপর্যুপরি আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তার বাবা। ঘটনার পরই পালিয়ে যান আনোয়ার। এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আনোয়ার সাংবাদিকদের বলেন, “আমার বাবা মরে নাই। কে বলেছে আমার বাবা মারা গেছে? আমি এখনো বিশ্বাস করি না… আমি এখনো বাবার কবরও দেখি নাই।”
তিনি আরও দাবি করেন, গত দুই দিন তিনি এলাকাতেই ছিলেন এবং লুকিয়ে নিজের ছেলে-মেয়েকে দেখতে এসেছিলেন। তবে পুলিশ ও স্বজনদের তৎপরতার কারণে তাদের দেখতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। এ সময় নিজের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, “আমার তো কোনো অপরাধ নাই। আমারে কেউ জেল থেকে বাহির করতো না। আমার বাবাকে তারা মাইরা লসে, এখন দোষ দিতাছে আমারে।”
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় এক প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে যান আনোয়ার। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী ধাওয়া করে তাকে ধরে একটি নারিকেল গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং শ্রীপুর থানায় খবর দেন।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনোয়ারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অনলাইন ডেস্ক 

























