
রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩০ জন রোগী। বুধবার (২৩ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৫ জন। একই সময়ে আব্দুল করিম (৪৫) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ১০৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।
রামেক হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য বিশ্লেষণ করে জানা যায়:
-
১৯ সেপ্টেম্বর: তানোর উপজেলার মো. আনোয়ার মন্ডল (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন নতুন ২০ জন রোগী ভর্তি হন এবং ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
-
২০ সেপ্টেম্বর: বাগমারা উপজেলার সাথী রাণী (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়। এ দিন নতুন ভর্তি হন ৩১ জন এবং ছাড়পত্র পান ১৮ জন।
-
২১ সেপ্টেম্বর: নতুন করে ২৬ জন রোগী ভর্তি হন এবং সুস্থ হয়ে ছাড়পত্র নেন ২৭ জন।
-
২২ সেপ্টেম্বর: হাসপাতালে ভর্তি হন ২৯ জন রোগী এবং ২৫ জন সুস্থ হন। এই দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৬ সেপটেম্বর ভর্তি হওয়া আব্দুল করিম (৪৫)।
-
২৩ সেপ্টেম্বর: নতুন ২৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষায় সাধারণ সচেতনতা অত্যন্ত জরুরি। জ্বর বা শরীর ব্যথার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাবার গ্রহণের পরমর্শ দিয়েছেন তারা।
অনলাইন ডেস্ক 

























