
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সমাজের প্রতিটি স্তরে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে তরুণ প্রজন্মকে এ অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে। তবে শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে এ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। শুধু আইন করে কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।’ মন্ত্রী আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা সৃষ্টি। মানুষকে বারবার জানাতে হবে, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক প্রচারের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে।’
নিজস্ব প্রতিবেদক 
























