
গাজা উপত্যকায় ক্রমাগত রক্তপাত ও ধ্বংসযজ্ঞের কঠোর প্রতিবাদ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে সম্প্রচারমাধ্যম এনডিটিভি-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে স্পষ্টভাবে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করেছেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, গাজায় নির্বিচারে বোমাবর্ষণ ও সাধারণ মানুষকে হত্যা করার মতো নৃশংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই সংকটকে কেবল সাম্প্রতিক কোনো সংঘাত হিসেবে না দেখে ইতিহাসের আলোকেও মূল্যায়নের আহ্বান জানান তিনি।
তার মতে, হামাসের বয়স মাত্র দুই দশক হতে পারে, কিন্তু ফিলিস্তিনের ভূখণ্ডে বিদেশি দখলদারিত্ব ও উপনিবেশ স্থাপনের ইতিহাস ৭০ বছরেরও বেশি পুরোনো। তিনি মনে করিয়ে দেন, ভারত ও মালয়েশিয়া—উভয় দেশই অতীতে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের নিষ্ঠুর তিক্ততা অভিজ্ঞতা করেছে। ফলে ফিলিস্তিনের ভূমিতে একই ধরনের দখলদারিত্ব মেনে নেওয়া অসম্ভব।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনে ইসরায়েলি উপনিবেশ স্থাপন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান।
অনলাইন ডেস্ক 

























