
বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের ‘ফরেন এইড অফিস’-এর পরিচালনায় দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকার প্রায় ১০ হাজার পরিবারের কাছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় নন-ফুড সামগ্রী পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০টি পরিবারের হাতে বিতরণ করা হয় এই জরুরি সহায়তা।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মো. জাকারিয়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি।
অনুষ্ঠানে রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রাথমিক কষ্ট দূর করা এবং জরুরি চাহিদা মেটানোই আমাদের এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।”
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে দেশের বহু মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন। ইউএই সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যেকোনো সংকটে বাংলাদেশের মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।
অনলাইন ডেস্ক 

























