
কলম্বিয়ায় মাদক পাচারকারী ও সশস্ত্র গেরিলা গোষ্ঠীগুলোর ওপর সম্প্রতি বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা গত ৭ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হওয়া এসব অভিযানে এ পর্যন্ত অন্তত ৪২ জন নিহত হয়েছেন। তবে এই হামলাগুলোতে সাধারণ সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি কমপক্ষে ৬ জন শিশু নিহত হওয়ায় দেশটির ভেতরে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে।
নিহত অপ্রাপ্তবয়স্কদের তথ্য নিশ্চিত করেছে কলম্বিয়ার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব লিগ্যাল মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্সেস’। এর মধ্যে গত ৩১ আগস্ট আমাজন অঞ্চলের এক বিমান হামলায় প্রাণ হারায় দুই শিশু, যাদের বয়স ছিল মাত্র ছয় বছর। ঐ একই হামলায় ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করা সাবেক বিদ্রোহী সংগঠন ফার্ক-এর (FARC) একটি বিচ্ছিন্নতাবাদী দলের অন্তত ২৪ সদস্য নিহত হয়। এছাড়া গুয়াভিয়ারে এবং ভেনেজুয়েলা সীমান্ত সংলগ্ন কাটাতুম্বো অঞ্চলের পৃথক দুটি হামলায় বাকি চার শিশু নিহত হয়।
সামরিক অভিযানের মুখে শিশুদের এভাবে প্রাণহানির ঘটনা সামনে আসার পর দেশটির আদালত থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক রায়ে বিচারক জানান, গেরিলা ঘাটিতে শিশুদের উপস্থিতি বা অপ্রাপ্তবয়স্ক কর্মী নিয়োগের সুনির্দিষ্ট তথ্য থাকলে সেখানে যেকোনো ধরনের বিমান হামলা তাৎক্ষণিকভাবে স্থগিত রাখতে হবে।
উল্লেখ্য, ২০১৬ সালে কলম্বিয়া সরকার ও ফার্ক-এর মধ্যে একটি ঐতিহাসিক শান্তিচুক্তি বাস্তবায়িত হলেও সশস্ত্র একটি দল সেটি মেনে নেয়নি। বর্তমানে তারাই পুনরায় বিদ্রোহী কার্যক্রম পরিচালনা করছে।
অনলাইন ডেস্ক 

























