
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে গড়ে ওঠা সাতটি করাতকলে অভিযান চালিয়ে সেগুলো সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ লাইসেন্স না থাকায় এসব করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি সেখান থেকে বিভিন্ন ধরনের কাঠ ও প্রয়োজনীয় যন্ত্রাংশ জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শানখলা বাজার ও সংলগ্ন এলাকাগুলোতে যৌথভাবে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।
প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড়ি এলাকা হওয়ার সুযোগে চুনারুঘাটের বিভিন্ন স্থানে বেশ কিছু অবৈধ করাতকল গড়ে উঠেছিল। এসব বেআইনি কার্যক্রম প্রতিহত করতে উপজেলা প্রশাসন অভিযান শুরু করে এবং লাইসেন্স ছাড়া পরিচালিত সাতটি মিল চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়।
অভিযানের পাশাপাশি অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সিলগালা করার পরও যদি কেউ গোপনে এসব কল পরিচালনা করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন।
অনলাইন ডেস্ক 

























