
লিবিয়ায় ডিটেনশন সেন্টারে দীর্ঘ বন্দিদশা শেষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বিশেষ সহযোগিতায় দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি। ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া এই অভিবাসীরা এত দিন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। মঙ্গলবার তাদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। দালাল ও মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনাগমন অভিবাসীদের মৃত্যু, নিখোঁজ, জিম্মি হওয়া কিংবা ডিটেনশন সেন্টারে মানবেতর বন্দি জীবনযাপনের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বর্তমানে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশীদের দ্রুত সনাক্তকরণ, কনস্যুলার সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম-এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে দূতাবাস। বিশেষ করে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা সেন্টারে আটকে থাকা অবশিষ্ট নাগরিকদের ফিরিয়ে আনতে দূতাবাসের জোরালো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অনলাইন ডেস্ক 

























