
(গাজীপুর): উচ্ছেদের প্রতিবাদ এবং বিকল্প বাসস্থানের জোরালো দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তির হাজার হাজার বাসিন্দা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বস্তিবাসীরা টঙ্গী বাজার এলাকায় জড়ো হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্টেশন রোড প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভার ব্রিজের ওপর গিয়ে অবস্থান নেয়। সেখানে বিক্ষোভকারীরা মহাসড়কের একটি অংশে অবস্থান নিয়ে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত করেন। এ সময় আন্দোলনকারীদের ‘ভাত দে, কাপড় দে, বাসস্থান দে, পুনর্বাসন দে’ সহ নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
মাদক কারবারিদের দায় সাধারণের ওপর চাপানোর অভিযোগ বিক্ষোভকারীদের দাবি, গুটিকয়েক মাদক কারবারির অপরাধের দায় সাধারণ ও নির্দোষ বস্তিবাসীদের ওপর চাপিয়ে তাদের অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে। কোনো প্রকার পুনর্বাসনের ব্যবস্থা না করে এই হঠাৎ উচ্ছেদ তারা মেনে নেবেন না। আন্দোলনকারীরা জানান, প্রকৃত মাদক ব্যবসায়ীদের নিশ্চিহ্ন করতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত, তবে স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের বর্তমান স্থানেই থাকার সুযোগ দিতে হবে।
মানবেতর জীবন ও অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে হাজী মাজার বস্তিতে বসবাসকারী এসব মানুষের বড় একটি অংশই দিনমজুর, রিকশা-ভ্যানচালক এবং পোশাক কারখানার শ্রমিক। হঠাৎ ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে চরম মানবেতর ও অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছেন বলে জানান তারা।
স্থানীয়দের দাবি ও পুলিশি পদক্ষেপ তবে স্থানীয়দের একাংশের দাবি, এই বস্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছিল এবং বিভিন্ন সময়ে অভিযানে তা প্রমাণিতও হয়েছে।
মহাসড়কে আংশিক অবরোধের ফলে তৈরি হওয়া যানজট ও যাত্রীদের ভোগান্তি নিরসনে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সাথে আলোচনা চলছে জানিয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, “আমরা বস্তিবাসীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।”
এদিকে বস্তিবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উপযুক্ত পুনর্বাসনের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
অনলাইন ডেস্ক 

























