
রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের জেরে জাপানের কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরে ভূমিধসের চরম ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে শনিবার (৫ সেপ্টেম্বর) সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)।
জাপান টাইমসের তথ্যমতে, আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাতকে ‘অভূতপূর্ব’ হিসেবে বর্ণনা করেছে। ভূমিধসপ্রবণ এলাকাগুলোতে ইতোমধ্যেই বড় ধরনের দুর্যোগের আলামত স্পষ্ট হয়ে উঠেছে।
জেএমএ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের জীবন এখন সরাসরি হুমকির মুখে। টানা বৃষ্টি চলার কারণে সবাইকে বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে:
-
দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।
-
আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথ বিপজ্জনক হলে খাড়া পাহাড়, টিলা ও নদী-নালা থেকে দূরে অবস্থিত কোনো নিরাপদ ও মজবুত ভবনে অবস্থান নিতে হবে।
-
বাড়তি কোনো সরকারি ঘোষণার অপেক্ষা না করে অবিলম্বে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
একই সাথে স্থানীয় প্রশাসনের দেওয়া নির্দেশনা গুরুত্বের সাথে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সম্প্রতি নেপাল ও চীনে ঘটে যাওয়া হিমবাহ ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে এবং ৫,৫০০ এরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে।
অনলাইন ডেস্ক 

























