
ভারতের পঞ্জাবের লুধিয়ানায় নিজ বসতঘর থেকে জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার বলজিৎ সিংয়ের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লুধিয়ানার সুদহারপট্টি ধালিওয়াল গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে ক্ষতবিক্ষত ও পচাগলা দেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে বলজিতের বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। বৃহস্পতিবার দুর্গন্ধ অসহনীয় পর্যায়ে পৌঁছালে তাঁরা স্থানীয় থানায় খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিছানার ওপর গায়কের মরদেহ পড়ে থাকতে দেখে। লাভে পচন ধরায় ধারণা করা হচ্ছে, উদ্ধারের অন্তত চার থেকে পাঁচ দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে মরদেহের পাশে শুকনো রক্তের দাগ দেখতে পেয়েছে পুলিশ। তবে এটি কোনো হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। সত্য উন্মোচনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনাটির সময় বাড়িতে বা আশপাশে সন্দেহভাজন কারও উপস্থিতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে গায়কের বোন জানান, বলজিৎ পূর্বেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর ধারণা, পুনরায় হার্ট অ্যাটাক হওয়ায় তিনি পড়ে গিয়ে আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণে মারা গিয়ে থাকতে পারেন।
তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
অনলাইন ডেস্ক 

























