
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে এখন থেকে পূর্বানুমতি বা অ্যাপয়েন্টমেন্ট নেয়া বাধ্যতামূলক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নতুন নির্দেশনার কথা জানানো হয়।
দূতাবাস সূত্রে জানা যায়, সেবাগ্রহীতাদের অনাকাঙ্ক্ষিত ভিড়ের কারণে কার্যালয় ও এর আশেপাশের এলাকায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে এ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নতুন নিয়ম অনুযায়ী:
-
কার্যকরের তারিখ: আগামী ৯ সেপ্টেম্বর, বুধবার থেকে নির্ধারিত সময়সূচি ছাড়া কোনো ধরনের বায়োমেট্রিক গ্রহণ করা হবে না।
-
অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ পদ্ধতি: সেবা প্রত্যাশীদের দূতাবাসের নিজস্ব পোর্টালের মাধ্যমে আগেই সময় ও তারিখ বুকিং করতে হবে।
-
পূর্বনির্ধারিত আবেদনকারী: যাদের বায়োমেট্রিকের তারিখ ও সময় আগেই নিশ্চিত করা আছে, তারা নির্ধারিত সময়েই সেবা পাবেন।
বিশৃঙ্খলা এড়াতে এবং দ্রুত ও সুশৃঙ্খলভাবে সেবা নিশ্চিত করতে প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের দূতাবাসের নীতিমালা কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক 
























