
বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নীনা গুপ্তা ক্যারিয়ারের শুরু থেকেই নিজের শর্তে বাঁচতে অভ্যস্ত। একা হাতে সন্তান লালন-পালন থেকে শুরু করে সমাজের বাঁধাধরা নিয়ম ভাঙা—সবক্ষেত্রেই তিনি সাহসী। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও গর্ভধারণের গুঞ্জন নিয়ে এক সাক্ষাৎকারে সমালোচকদের কড়া জবাব দিয়ে ফের আলোচনায় এলেন ৬৭ বছর বয়সী এই তারকা।
কয়েক মাস আগে রাশমিকা মান্দানার এক পারিবারিক অনুষ্ঠান থেকে নীনা গুপ্তার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাড়ির কোমর অংশ কিছুটা ফোলা দেখানোর কারণে নেটিজেনদের একাংশ গুঞ্জন রটায় যে, এই বয়সে এসেও তিনি নাকি অন্তঃসত্ত্বা!
এই অদ্ভুত জল্পনার রহস্য পরিষ্কার করে নীনা জানান, সেটি ছিল কেবলই শাড়ির কুঁচি বা ভাঁজের ভুল দৃশ্য রূপ। তবে বিষয়টি তিনি মোটেই গম্ভীরভাবে নেননি। বরং রসিকতা করেই নিজের টিমকে এই ভুয়া গুঞ্জন উপভোগ করতে বলেছিলেন। এমনকি শরীর নিয়ে যাদের প্রতিনিয়ত ট্রল বা ‘বডি শেমিং’-এর শিকার হতে হয়, তাদেরও মজা করে “আমি অন্তঃসত্ত্বা” বলে উড়িয়ে দেওয়ার পরামর্শ দেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী ও অনাকাঙ্ক্ষিত প্রশ্ন সামলানোর উপায় প্রসঙ্গে নীনা গুপ্তা স্পষ্ট ভাষায় বলেন, “আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার ওপর নির্ভরশীলও নই। তা-ও তোমার সমস্যাটা কোথায়?”
উল্লেখ্য, পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন নীনা গুপ্তা। সাম্প্রতিক সময়ে ‘বাধাই হো’, ‘বধ টু’ এবং ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন জনপ্রিয় কাজের মাধ্যমে নিজেকে নতুন করে প্রমাণ করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
অনলাইন ডেস্ক 

























