
মিরপুরে ‘বাংলা টেলিভিশন’-এর সাংবাদিক প্রান্ত পারভেজের বাসভবনে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সাংবাদিক নেতারা। আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কিশোর গ্যাংয়ের আস্তানা পুরোপুরি নিশ্চিহ্ন করা এবং ৮ নভেম্বরের মধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ পাশ করার জোর দাবি জানিয়েছেন তারা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর গোলচত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই আল্টিমেটাম দেওয়া হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, “সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় হামলার ঘটনা সারা দেশের গণমাধ্যমকর্মীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। সুনির্দিষ্ট ও কার্যকর সুরক্ষা আইন না থাকার কারণেই আজ সাংবাদিকদের বিচার পেতে বারবার রাজপথে নেমে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করতে হচ্ছে। হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটলেও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে কোনো জোরালো ও দৃশ্যমান পদক্ষেপে দেখা যাচ্ছে না।”
তিনি আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে একের পর এক সরকার পরিবর্তন হলেও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণে যুগোপযোগী কোনো আইন প্রণয়ন করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ না বাস্তবায়ন করলে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব।
ভুক্তভোগী সাংবাদিক প্রান্ত পারভেজের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে অন্যান্য সাংবাদিক সংগঠন ও স্থানীয় প্রেস ক্লাবের নেতারা একাত্মতা প্রকাশ করেন। এতে আরও বক্তব্য রাখেন:
-
খান সেলিম (সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব)
-
আওরঙ্গজেব কামাল (সভাপতি, ঢাকা প্রেস ক্লাব)
-
আমিরুজ্জামান আমির (সভাপতি, মিরপুর প্রেস ক্লাব) ও এস এম জহিরুল ইসলাম (সাধারণ সম্পাদক)
-
মীর আলাউদ্দিন (নেতা, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি)
-
কাজী শরীফ নেওয়াজ লালন (সিনিয়র সহ-সভাপতি, মিরপুর রিপোর্টার্স ক্লাব) ও আনিসুল হক ক্লিপটন (সহ-সভাপতি)
-
মারুফ হায়দার (সাধারণ সম্পাদক, মিরপুর সাংবাদিক সমিতি)
সমাবেশ থেকে অবিলম্বে হামলায় জড়িত কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
অনলাইন ডেস্ক 

























