
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও ইয়েমেন সংঘাতের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ক্যাম্প ডেভিডে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ এবং লোহিত সাগরের নিয়ন্ত্রণ পুনর্দখলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর সৌদি আরবের পরিকল্পিত হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। সূত্রের খবর, আলোচনা স্থবির হয়ে পড়ায় ট্রাম্প প্রশাসন ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা বিবেচনা করছে। অন্যদিকে, হুতিদের ওপর মার্কিন বিমান হামলার জন্য সৌদি আরব চাপ সৃষ্টি করলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সরাসরি যুক্ত হওয়ার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন।
বৈঠক চলাকালে সাংবাদিকরা ইরান প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু না জানিয়ে মন্তব্য করেন, “পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে, তবে ইরান মোটেও সুবিধাজনক অবস্থায় নেই।” উল্লেখ্য, ক্যাম্প ডেভিডে এ ধরনের গোপন বৈঠক অত্যন্ত বিরল। এর আগে ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত অনুরূপ এক বৈঠকের পরপরই ইরানের ওপর ইসরায়েলি হামলা শুরু হয়েছিল।
অনলাইন ডেস্ক 
























