
বাংলাদেশের সঙ্গে বিদ্যমান পুরোনো বাণিজ্যিক সম্পর্কের খোলস পাল্টে আরও নিবিড়, আধুনিক ও ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব গড়ে তুলতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক এখন ২৫ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘৮ম বিমক্স ২০২৬’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সম্ভাবনার কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত জানান, ঐতিহ্যগত বাণিজ্যের গণ্ডি পেরিয়ে দুই পক্ষ এখন যৌথ উদ্যোগ, সরাসরি বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তি হস্তান্তরের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের উদীয়মান সামুদ্রিক ও অফশোর খাতে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার কথাও জানান তিনি।
আসন্ন কৌশলগত পদক্ষেপ হিসেবে আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিতব্য ‘ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’-এর প্রসঙ্গ টেনে মাইকেল মিলার বলেন, এই ফোরাম দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্ককে একটি নতুন গতিশীল উচ্চতায় নিয়ে যাবে।
উল্লেখ্য, নেদারল্যান্ডস দূতাবাসের সার্বিক সহযোগিতায় এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে জাহাজ নির্মাণ, মেরামত, পুনর্ব্যবহার এবং মেরিন ইঞ্জিনিয়ারিং খাতের দেশি-বিদেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন।
অনলাইন ডেস্ক 

























