
দুর্গাপূজার মহাষ্টমীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। সোমবার (আজ) দুপুর ১২টার দিকে তিনি মণ্ডপে উপস্থিত হয়ে পূজার সার্বিক পরিবেশ উপভোগ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনের সময় নিজের অনুভূতির কথা জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, “আজকে সত্যি অনেক খুশির দিন, মহাষ্টমী। আমার ভাগ্য ভালো যে আপনাদের সামনে আজকে আসতে পেরেছি। আমাকে জানানো হলো এখানকার শিবমন্দিরটি অত্যন্ত প্রাচীন, প্রায় ২০০ বছরের পুরোনো। বিষয়টি শুনে আমার খুব ভালো লেগেছে।”
সব জায়গায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকার আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “আজকের এই দিনে সব জায়গায় আমি একটাই কথা বলি—চারপাশে যেন সুখ-শান্তির পরিবেশ বজায় থাকে। এই শান্তিপূর্ণ পরিবেশই আমি মায়ের কাছে কামনা করি। এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেন প্রতিদিন বজায় থাকে, এটাই আমার প্রার্থনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।”
অনলাইন ডেস্ক 

























