
বাঙালির হেঁশেলে ইলিশ মানেই অন্যরকম আবেগ ও উৎসবের আমেজ। বাংলাদেশ ও পূর্ব ভারতের মানুষের কাছে অত্যন্ত প্রিয় এই সামুদ্রিক মাছটি ডিম ছাড়ার সময় এ দেশের নদীতে ছুটে আসে। শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা এবং আসামেও ইলিশের চাহিদা তুঙ্গে। তবে সুস্বাদু এই মাছের চড়া দাম ও বাজারে প্রচুর চাহিদার সুযোগ নিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী আসল ইলিশের বদলে হুবহু দেখতে চন্দনা ও সুরমা মাছ চালিয়ে দিচ্ছেন। বিশেষ করে রান্না করা অবস্থায় বা রেস্তোরাঁয় এই প্রতারণা ধরা বেশ কঠিন।
তাহলে সাধারণ ক্রেতা কীভাবে বুঝবেন কোনটি আসল ইলিশ? চলুন জেনে নেওয়া যাক আসল ইলিশ চেনার ৪টি সহজ উপায়:
দেহের গঠন: আসল ইলিশ মাছের পেটের অংশটি তুলনামূলক বেশি মোটা এবং মাথা ও লেজের দিকটি সরু বা চিকন হয়।
মাথার আকৃতি: ইলিশের মাথা লম্বাটে এবং এর অগ্রভাগ সূচালো হয়। এছাড়া কানকোর ঠিক কাছ থেকেই মাথাটি ধীরে ধীরে চওড়া হতে শুরু করে।
লেজের আকৃতি: আসল ইলিশের লেজ ইংরেজি ‘V’ অক্ষরের মতো বেশ গভীরভাবে চেরা বা খাঁজকাটা থাকে। এর পাখনা ও লেজ সাধারণত পরিষ্কার ও সাদাটে রঙের হয়।
সতর্ক কেনাকাটা: বাজার থেকে মাছ কেনার সময় কাটা বা টুকরো কেনার বদলে সবসময় আস্ত মাছ বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। মাছ কেনার সময় এর দেহের গঠন, রং এবং গায়ের বিশেষ দাগ ভালোভাবে লক্ষ্য করুন।
অনলাইন ডেস্ক 

























