
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটককৃতদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে এই বিশেষ অভিযান শুরু হয়, যা একটানা চলে মঙ্গলবার দুপুর পর্যন্ত।
ডিএমপি সূত্রে জানা যায়, অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরে নিয়মিত অবৈধ ডিজে পার্টির আড়ালে মাদকের আসর বসে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে তল্লাশি চালিয়ে বাড়িটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিনথেটিক মাদক, সিসা এবং বিয়ার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছিলেন। তবে সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক 

























