
নির্বাচনী জালিয়াতি ঠেকাতে এবার অভিনব উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, অতীতের যেকোনো নির্বাচন কিংবা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোটার জালিয়াতি সম্পর্কিত সঠিক তথ্য দিয়ে যারা সহযোগিতা করবেন, তাদের ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। তবে শর্ত হলো, প্রদানকৃত তথ্যের ভিত্তিতে জালিয়াতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও চূড়ান্ত সাজা নিশ্চিত হতে হবে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে নির্ধারিত হবে আগামী দিনে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। দেশটিতে ভোটের শতভাগ সততা ও নিরাপত্তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের মধ্যেই ট্রাম্পের এই বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা বেশ আলোচনার জন্ম দিয়েছে।
অনলাইন ডেস্ক 

























