
বগুড়ায় দুই শিশু ধর্ষণের মামলায় নুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড় ১১টার দিকে বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত নুর ইসলাম বগুড়ার কাহালু উপজেলার আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং মৃত হবিবর রহমানের ছেলে।
আদালত সূত্র জানায়, প্রতিটি শিশু নির্যাতনের অপরাধে আসামিকে ৩০ বছর করে দুটি পৃথক সাজা প্রদান করা হয়েছে। একটি সাজা শেষ হলে অপর সাজার মেয়াদ কার্যকর শুরু হবে। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা ভুক্তভোগী শিশুদের পরিবারকে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ মার্চ খাবারের লোভে ডেকে নিয়ে নিজ ঘরে দুই শিশুকে পাশবিক নির্যাতন করেন নুর ইসলাম। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন তিনি। পরবর্তী সময়ে এক শিশুর অসুস্থতা ও অন্যজনের রক্তক্ষরণের কারণে বিষয়টি প্রকাশ পেলে কাহালু থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রায়ে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগীদের পরিবার।
অনলাইন ডেস্ক 

























