
রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সংলগ্ন ফুটপাত থেকে প্রায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৬টার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সার্জেন্ট আহাদ বক্স পুলিশ ফাঁড়ির টহল পুলিশ বিষয়টি পল্টন থানাকে অবহিত করে।
খবর পেয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামান (অভি) সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এসআই মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্থানীয় লোকজনের ভাষ্যমতে নিহত ব্যক্তি একজন ভবঘুরে ছিলেন এবং ওই এলাকাতেই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। এ ঘটনায় সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অনলাইন ডেস্ক 

























